অনলাইন ডেস্ক:: নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে এক মাদকসেবী ছেলে জুয়েল টিকাদারকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল টিকাদার উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামের দেলবর টিকাদারের ছেলে।

ইউএনও শাহাদাত হুসেইন জানান, জুয়েল টিকাদার মাদকসেবী। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার করতেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে আটক করা হয়। এ সময় মাদক সেবন এবং পরিবারের লোকজনের উপর অত্যাচার করার বিষয়ে সত্যতা পাওয়ায় জুয়েলকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ৫০০ টাকা জরিমানা করা হয়।রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে দণ্ডপ্রাপ্ত জুয়েলকে।