বরিশাল প্রতিনিধি:: বরিশালের কাশিপুর বাজারে কম দামে কাঁচা মরিচ বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে কামাল হোসেন নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
নিহত কামাল হোসেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাশিপুরের সৈয়দপুর এলাকার এসকান্দার সর্দারের ছেলে। আহতরা হলেন, কাশিপুরের আলমগীর হোসেন, তার ভাই জাহাঙ্গীর হোসেন ও অপর ভাই জয়নাল আবেদীন এবং একই এলাকার আব্দুল মালেক।আটক ছুরিকাঘাতকারী সোহেল রানা নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার বাসিন্দা।
নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ হোসেন জানান, ভ্যান গাড়িতে করে কমদামে সবজি ও কাঁচা মরিচ বিক্রি করছিলেন সোহেল রানা। বাজারের ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন। এ নিয়ে মারামারি ও ছুরিকাঘাতে ৬-৭ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী শহিদ জানান, কাশিপুর বাজারে ব্যবসায়ীরা ২৫০-৩০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেন। সোহেল রানা বাজারের সামনে এসে মাইকিং করে ১২০ টাকা কেজিদরে মরিচ বিক্রি করেন। তখন নিহত কামালসহ আহতরা এসে ঐ দামে মরিচ বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু সোহেল রানা রাজি হননি। এতে তাকে বাজারের সবজি বিক্রেতা কয়েকজন মিলে বেধড়কভাবে মারধর করেন।একপর্যায়ে সোহেল রানা বস্তা কাটা ছুরি দিয়ে তাদের ওপর চড়াও হন। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত কামালসহ চারজন জখম হন। তাদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছুরিকাঘাতকারী সোহেল রানা আহত অবস্থায় পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।