ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নেছারাবাদে পেয়ারা বাগানে বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হয়েছেন ২৪ জন। শুক্রবার উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে একদল পর্যটক ট্রলারে করে আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে বেড়াতে যান। সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি আদমকাঠি খালের তীর ঘেঁষে যাওয়ার সময় হঠাৎ কিছু ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় ভিমরুলের কামড়ে ট্রলারে থাকা ২৪ জন আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ শিশু ও ৮ নারী রয়েছেন।

আহত মুশফিকুর রহমান (৩০) বলেন, আমাদের ট্রলারটি খালের পাশের ঝোপ ঘেঁষে যাওয়ার সময়ে ভিমরুলের বাসায় ধাক্কা লাগে। এতে ভিমরুলগুলো ট্রলারের যাত্রীদের কামড় দেয়। এ সময় আমাদের চিৎকার শুনে আশপাশের ট্রলারে থাকা লোকজন ছুটে এসে উদ্ধার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুশাররাত শবনব বলেন, দুপুরে কয়েক দফায় ভিমরুলের কামড়ে আহত ২৪ জনকে তারা চিকিৎসা দিয়েছেন।