ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ফের যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছত্রকান্দার বেরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী হাজি পরিবহন নামে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে পড়ে যায় বাসটি। এ সময় বাসে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হন। এতে বাসটির সামনের ও জানালার গ্লাস ভেঙে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে বাসটির ১২ জন যাত্রী আহত হয়েছেন।