অনলাইন ডেস্ক:: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুকুরে ডুবে হাসান ও হোসেন নামে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে আট বছরের মো. হাসান ও মো. হোসেন। তারা জমজ ভাই।
বিজয়পুর ইউপি চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ বলেন, হাসান ও হোসেনের বাবার বাড়ি মুরাদনগরে। এক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বাবা। মারা যাওয়ার আগে তাদের বাবা ঘোষগাঁও গ্রামে বাড়ি করার জন্য জমি কিনে রেখে যান। পরে বাড়ি করার সময় জমির এক পাশে পুকুর কেটে ঘরের ভিটা বানান তাদের মা।
পুকুরটি অনেক গভীর। শনিবার দুপুরে পুকুর ঘাটে বসে খেলছিল দুই ভাই। হঠাৎ এক ভাই পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে নামে আরেক ভাই। এতে মারা যায় দুজনই।তিনি আরো বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়িতে এসে দেখি দুজনের স্যান্ডেল পুকুর ঘাটে পড়ে আছে। পুলিশকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করব।সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।