অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইলে আসক্ত কিশোর ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বুধবার (১৬ আগস্ট) রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১২)। আটককৃত নিহতের মা সোহেনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আবির মোবাইলে গেম ও ইউটিউব দেখায় মত্ত ছিল। কিন্তু মোবাইল আসক্তি কমাতে বারবার নিষেধ করতেন মা। মায়ের কথা শুনতেন না আবির। বুধবার সকালে আবির মোবাইলে গেম খেলতে শুরু করে। এ সময় তার মা রেগে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মা তার নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে চেপে ধরে। এতে আবির শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।