বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে এক জেলের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙাশ। পরে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পায়রা নদীতে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, আরপাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকেলে পায়রা নদীতে বরশি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টার সময় বরশিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙাশ। মাছটি বিক্রির জন্য রাতেই আমতলী মাছ বাজারের ভাই ভাই মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭ কেজি। পরে মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে সেরাজুম বলেন, ‘এ বছর নদীতে মাছের আকাল। এর মধ্যে বরশিতে এত বড় পাঙাশ পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া’।পাইকারি মাছের আড়তদার ফোরকান চৌকিদার বলেন, ‘এ বছর এত বড় সাইজের পাঙাশ আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেক মানুষ ভিড় জমান’।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, ‘জেলেরা বিভিন্ন সময় অবরোধ সঠিকভাবে পালন করায় নদী ও সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক বড় সুখবর’।