অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভাত খেতে দিতে দেরি হওয়ায় স্ত্রী হনুফা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুর রশিদ ঠান্ডুর বিরুদ্ধে।বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, বুধবার দুপুরে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন নিহতের ছোট ছেলে আব্দুল মজিদ।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরে বাইরে থেকে এসে স্ত্রী হনুফার কাছে ভাত খেতে চান আব্দুর রশিদ ঠান্ডু। হনুফা নামাজ শেষে করে খেতে দেবেন বলে নিজ ঘরে নামাজ শুরু করেন। এতে ক্ষুব্ধ হন আব্দুর রশিদ। এরপর নামাজ শেষ হতেই স্ত্রী হনুফাকে মারধর শুরু করেন তিনি। এতে দরজার চৌকাঠের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান হনুফা। পরিবারের লোকজন বিষয়টি গোপন করে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন।
নিহতের মেজো ছেলে আব্দুল হামিদ বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে এসে জানতে পারলাম, বাবা-মায়ের ঝগড়ার একপর্যায়ে মা হনুফা খাতুন দরজার চৌকাঠের ওপর পড়ে গিয়ে মারা গেছেন। আমরা এটা স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাফনের ব্যবস্থা করি।নিহত হনুফার ৩ ছেলের বউ ফিরোজা খাতুন, সায়ফা খাতুন ও আরিফা খাতুন বলেন, আমরা যার যার ঘরে ছিলাম। তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে শব্দ শুনে আমরা ঘর থেকে ছুটে এসে দেখি শাশুড়ি চৌকাঠের ওপর পড়ে মারা গেছেন।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।