বরিশাল প্রতিনিধি:: আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরিশালের উজিরপুর উপজেলার হারতার কচা নদীতে অনুষ্ঠিত হয়েছে ১৬৪তম বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা।শনিবার (২৮) অক্টোবর দিনভর মানুষের মিলন মেলায় হারতা বাজারটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নারী পুরুষ সমবেত হয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন তারা।
বাংলার ইতিহাসের সবচেয়ে পুরাতন বার্ষিক নৌকা বাইচ দেড়শ বছরেরও বেশি সময় ধরে বরিশাল জেলার উজিরপুরের প্রান্তিক জনপদ হারতার কচা নদীতে অনুষ্ঠিত হচ্ছে। ১৬৫ বছর আগে সর্বপ্রথম নৌকা বাইচ শুরু হয়। এরপর থেকে প্রতিবছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
হারতা বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেন। নৌকা বাইচ উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে শতশত ট্রলার, লঞ্চ ও সড়ক পথে হাজারো মানুষ ভিড় জমায়। নৌকা বাইচ উপলক্ষে হারতায় দিনব্যাপি মেলা বসে বাজারটিতে। শনিবার হারতা ছিলো যেন এক উৎসবের জনপদ দর্শনার্থী পথচারণায় মুখরিত হয়ে উঠে কচা নদীর দুই প্রান্ত।
এ বছর প্রতিযোগিতায় ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৫টি বাইচ দল অংশ নেয়। বাইচ প্রতিযোগিতা দেখে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়েছেন। প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার লক্ষনদি এলাকার লাজুর দল প্রথম গোপালগঞ্জ সদরের কমলেশ বাকছির দল দ্বিতীয় মাদারীপুরের অমল সরকারের দল তৃতীয় হয়েছেন। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম, সংরক্ষিত আসনের এমপি রুবিনা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা ফারিহা তানজিন।