দর্শনা হল্ট রেলস্টেশন | ছবি: আপডেট নিউজ 

ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ২০ বছরের পুরাতন রুট পরিবর্তন করে নতুন রুট হিসেবে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় যাবে। ট্রেনটি খুলনা থেকে আজ বুধবার (১লা নভেম্বর ২০২৩ খ্রি.) রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে ভোর ৫টার পর ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। এর আগে ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে যমুনা সেতুর ওপর দিয়ে ঢাকায় যেতো। পরিবর্তিত রুট হিসেবে ট্রেনটি পোড়াদহ জংশন হতে আগের রুটে না গিয়ে কুষ্টিয়া কোর্ট-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুট ব্যবহার করবে।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নতুন রুট হিসেবে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার সংবাদে খুলনা ও ঢাকা বিভাগের অনেক অঞ্চলের মানুষ আনন্দিত হলেও খুশি হতে পারছে না চুয়াডাঙ্গার দর্শনা ও এর আশপাশের এলাকার মানুষজন। কারণ, দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের স্টপেজ দর্শনাবাসীসহ আশেপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। কিন্তু দীর্ঘদিনেও সেই দাবি পূরণ হয়নি। আর হবে কি না তাও জানা নেই এ এলাকার মানুষের। এ বিষয়ে এর আগে কয়েকবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে করা হয়েছে রেলপথ অবরোধ। জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি। কিন্তু কোনোকিছুই এখনও পর্যন্ত কাজে আসেনি।

খুলনা-ঢাকা রুটের সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ডাউনে, চিত্রা এক্সপ্রেস আপে এবং বেনাপোল এক্সপ্রেস আপ-ডাউন উভয় সময়ে দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি করে। অর্থাৎ সুন্দরবন এক্সপ্রেস ঢাকা যাওয়ার সময় এবং চিত্রা এক্সপ্রেস খুলনা যাওয়ার দর্শনা হল্ট স্টেশনে যাত্রাবিরতি করে না। যার কারণে দর্শনা ও আশপাশের এলাকার মানুষের গভীর রাতে চুয়াডাঙ্গা রেলস্টেশন যেয়ে তারপর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকা যেতে হয়। একইভাবে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠে দর্শনার উদ্দেশ্যে রওয়ানা হলে গভীর রাতে চুয়াডাঙ্গা স্টেশনে নেমে তারপর বাড়ি ফিরতে হয়। যার ফলে খরচ বেড়ে যায় অনেক, গভীর রাতে যানবাহন পেতেও পোহাতে হয় ভোগান্তি। অনেকে আবার ঝামেলা এড়াতে স্টেশনেই অপেক্ষা করেন সকাল পর্যন্ত। যে কারণে দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি করা হচ্ছে দীর্ঘদিন থেকেই।

উল্লেখ্য, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ ডাউন চিত্রা এক্সপ্রেস ট্রেনের চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে যাত্রাবিরতি এবং ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে যাত্রীদের আসন বরাদ্দ, ওঠা-নামার ব্যবস্থা থাকা এবং ২টি যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুকরণসহ ৬ দফা দাবিতে গত ১লা মার্চ ২০২৩ খ্রি. তারিখে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আয়োজনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক দর্শনা হল্ট স্টেশনে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা। ওই সময় তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। ইউএনওর অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। পরবর্তীতে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসক বরাবর।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।