গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কালিয়াকৈরে নিজ দলীয় নেতৃবৃন্দের সাথে তীব্র অভিমানে নিজের গাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করলেন মঈন দেওয়ান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার নির্জন বগাবাড়ী বিলে গাড়িটি নিজে চালিয়ে গিয়ে এ ঘটনা ঘটান তিনি। তার গাড়ির দাউ দাউ আগুন বহুদূর থেকে দেখা গেলে মাঠে কাজ করায় ব্যস্ত কৃষকদের ভিড় জমে যায়।
এসময় ফেসবুক লাইভে গিয়ে মঈন বলেন, বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে (মঙ্গলবার) নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে তার গাড়িটি কিছুটা ভাংচুর এবং তাকে লাঞ্ছিত করে পিকেটাররা। কিন্তু ঘটনার চার দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগ অথবা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী তার খোঁজখবর নেননি। এতে তিনি মনে কষ্ট পেয়েছেন। মনোকষ্ট থেকেই স্থানীয় কয়েকজন সংবাদকর্মীকে সাথে নিয়ে আজ সকালে নির্জন ওই স্থানে গিয়ে গাড়িটিতে অগ্নিসংযোগ করেন।
গাড়িটি সম্পূর্ণ পুড়ে না যাওয়া পর্যন্ত তিনি সজল চোখে সেখানেই দাঁড়িয়ে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঈন কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খাঁন জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।