গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ | ছবি: আপডেট নিউজ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫৮) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সেনেরহুদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সেনেরহুদা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত গভীর রাতে উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেন। গত ২৯শে অক্টোবর ২০২৩ খ্রি. তারিখে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি ছিলেন আবুল কালাম আজাদ।
শনিবার (৪ঠা নভেম্বর ২০২৩ খ্রি.) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।