ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে আবু বক্কর (৫) ও নাহিদা আক্তার (৪) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা চরযোশরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর আলগাদিয়া গ্রামের মো. জাফর সেখের একমাত্র ছেলে ও নাহিদা আক্তার শফিকুল ইসলামের মেয়ে।আলগাদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে শিশু আবু বক্কর ও নাহিদা একসঙ্গে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন ওই দুই শিশুকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশে তাদের খোঁজ না পেয়ে পুকুরে নেমে সন্ধান করেন।একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।