চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সদ্য বিদায়ী পুলিশ সুপার

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩ খ্রি.) বিকালে চুয়াডাঙ্গার সদ্য বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই-সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান নরসিংদী সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২০০৮ সালের ১৯শে নভেম্বর, ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি এমএসএস (লোকপ্রশাসন), যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব সাসেক্স হতে মাইগ্রেশন স্ট্যাডিজে মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এমপিএস ডিগ্রি অর্জন করেন। চাকুরিকালে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন নৌ পুলিশে বদলি হওয়ায় নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান তাঁর স্থলাভিষিক্ত হলেন। কাঙ্ক্ষিত ও জনবান্ধব চুয়াডাঙ্গা গড়তে তিনি জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।