পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মতলেব হোসেনের ছেলে ইয়াছিন হোসেন (২০) ও একই জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু সালেহ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৪০)।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে জেলার সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী এলাকায় দুই মোটরসাইকেলে রেস করছিল।
এসময় দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইজিবাইকে গিয়ে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচ যুবক গুরুতর আহতসহ ইজিবাইকে থাকা দু’জন আহত হন।
এর মধ্যে ওই দিন সন্ধ্যার দিকে ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে চারজনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং অন্যজনের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তারা পৃথক দু’টি নিজস্ব মোটরসাইকেলে করে বন্ধুর নামে থাকা মামলার হাজিরা দিয়ে পিরোজপুর থেকে কাউখালির দিকে যাচ্ছিলেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতদের মৃত্যুর জন্য কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।