ফাইল ছবি!

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুরে ভাড়া বাসা থেকে মানিক (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উদ্ধারের পর সোমবার বেলা ১১টায় মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।নিহত মানিক সিরাজদিখান উপজেলার তালতলা গ্রামের মৃত মালেক বেপারীর ছেলে।

স্থানীয় ও পরিবারের দাবি, কিস্তির টাকা পরিশোধ করতে না পারা ও থানায় অটোরিকশা জব্দ থাকায় মানসিক হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন তিনি।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মানিক প্রায় ১২ বছর যাবত আব্দুল্লাপুর এলাকার আজিজুল ঢালীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। জীবিকার জন্য এনজিও থেকে দুই দফা ঋণ নিয়ে কেনা অটোরিকশা চুরি হয় তার। সম্প্রতি আবারো ঋণ নিয়ে অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। গত কয়েকদিন আগে অটোরিকশা ছিনতাইকারী চক্রের কবলে পড়লে কোনোমতে প্রাণে বাঁচেন। পরে ওই ঘটনায় পুলিশ মামলার আলামত হিসেবে অটোরিকশা জব্দ করে। এরপর থেকে কর্মহীন ছিলেন। একদিকে অটোরিকশা না পাওয়া অন্যদিকে এনজিওর টাকা পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। রোববার দিবাগত রাতে ঘরে না ফেরায় তাকে খুঁজতে বের হন স্ত্রী। পরে বাড়ির একঅংশের একটি নির্জন ঘরে লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মাসুদা জানান, তার সঙ্গে আমার কোনো পারিবারিক কলহ ছিল না। তাকে কিস্তি নিয়ে এ পর্যন্ত তিনটি অটোরিকশা কিনে দিয়েছি। টাকা না দিতে পেরে তিনি আত্মহত্যা করেছেন; এছাড়া অন্য কোনো কারণ দেখছি না।টঙ্গীবাড়ি থানার ওসি রাজীব খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইয়ের ঘটনায় তার একটি মামলা ছিল। সে মামলায় অটোরিকশা আলামত হিসেবে জব্দ ছিল বলে জেনেছি।