বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটককৃত যুবক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯৬টি স্বর্ণের বার ও স্বর্ণ পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮শে নভেম্বর ২০২৩ খ্রি.) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল ইসলাম (৩১) দর্শনার শ্যামপুর গ্রামের আসাদুল হকের ছেলে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে মর্মে বিশেষ গোপন সংবাদ পায় বিজিবি। উক্ত সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সকালে সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশ অভ্যন্তরে রুদ্রনগর গ্রামের পাকা রাস্তার পাশে অ্যাম্বুশ স্থাপন করে।

সকাল ১০টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে দর্শনা হতে কার্পাসডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় বিজিবির সশস্ত্র টহল দল মোটরসাইকেলের গতিরোধ করে। তখন ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবির টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তাঁর কাছে কোনো চোরাচালান পণ্য নেই বলে বিজিবিকে জানায়।

এসময় বিজিবি সদস্যরা তাঁর দেহ তল্লাশি শেষে মোটরসাইকেলে তল্লাশি চালায়। মোটরসাইকেল তল্লাশিকালে গাড়িটির এয়ার ফিল্টার বক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্কসটেপ দিয়ে মোড়ানো ৭টি প্যাকেট হতে ছোট-বড় মিলে ৯৬টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ১৬ কেজি ১৪ গ্রাম।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।