বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত নুরুজ্জামান বাবু (৩১) পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের রুপধন কাটাখালী ৬নং ওয়ার্ডের হুমায়ুন কবির বাদশার ছেলে। পিপুলিয়া বাজারে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগ ভর্তি সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, স্থানীয় একটি মাদক ব্যবসায়ী চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিলেন। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।