চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ভোলার চরফ্যাসনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সদস্য ইউছুফ হোসেন ইমন, পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সগীর আহাম্মেদ নিরব, সহ-সভাপতি জিল্লুর রহমান তুহিনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নওরীন হক বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্ননের ক্ষেত্রে দুর্নীতি বড় বাধা। দুর্নীতি সমাজের উন্নয়নের সব ক্ষেত্রকে দুর্বল করে দেয়। যারা কর্তব্য পালন করে না তারা দুর্নীতিবাজ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ। তাই দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধেই বেশি মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশিক সমস্যা। তাই সারা পৃথিবীতে দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। তিনি বলেন, এ বছর সরকার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস সরকারিভাবে পালন করছে, যা দেশের দুর্নীতিবিরোধী সংগ্রামকে আরো বেগবান করবে।