ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাঁচাবাজার ও আড়তে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১০ই ডিসেম্বর ২০২৩ খ্রি.) দুপুরে পরিচালিত এ অভিযানে কাঁচামালের আড়ত ও খুচরা দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, আলমডাঙ্গা কাঁচাবাজার ও আড়তে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয়। এসময় মেসার্স নজরুল ইসলাম আড়তে পণ্যের মুল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স ইউনুচ স্টোরের মালিক ইউনুচ আলীকে একই ধারায় ৩ হাজার টাকা, মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক আশাবুল হককে ৩ হাজার টাকা এবং মেসার্স মন্টু ট্রেডার্সের মালিক শ্রী মন্টু পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান, আলমডাঙ্গা বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও আলমডাঙ্গা থানার এসআই মিজানুর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।