অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা চাইতে গিয়ে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে সাদেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমরভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেক একই গ্রামের কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক মিয়ার আপন চাচা আ. মতিনের ছেলে সবুজ মিয়ার কাছে বেশকিছু দিন আগে ধান বিক্রি করেন সাদেক মিয়া। ধান বিক্রির টাকা পরিশোধ করতে গড়িমসি করছিলেন সবুজ মিয়া। ঘটনার দিন সকালে সবুজের ঘরের সামনে গিয়ে টাকা দেওয়ার বিষয়ে তাগাদা দেন সাদেক মিয়া। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ মিয়া হাতের কাছে থাকা লাঠি দিয়ে সাদেককে পেটাতে থাকেন। এ সময় বাড়ির লোকজন এগিয়ে এসে সবুজকে নিবৃত করেন।

অপরদিকে, সাদেকের পরিবারের লোকজন তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য ফিরুজ মিয়া বলেন, ‘তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। ধান বিক্রি টাকা চাইতে গেলে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাদেক মিয়া।’নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।