অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রায় ২০০ বছর আগের ৩০ কেজি ওজনের একটি লোহার সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। পিলারটি ১৮১৮ সালের বলে জানা গেছে।
বুধবার বিকাল ৫টার দিকে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারি স্কুলের পাশের একটি বাড়ি থেকে দুই চোরাকারবারিসহ সীমানা পিলারটি উদ্ধার করে পুলিশ।আটককৃতরা হলেন- দেবব্রত মন্ডল (৩৫) ও মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণ পদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সীমানা পিলারসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আসামিরা সীমানা পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছে এবং ৫ কোটি টাকায় বিক্রয়ের চেষ্টা চালাচ্ছিল বলে স্বীকার করে।