বরিশাল প্রতিনিধি:: শুনতে অবাক লাগলেও মাত্র ৫ টাকায় আস্ত মুরগি ও মাছ বিক্রি হয়েছে বরিশালের ঐকমত্যের বাজারে। বুধবার দিনব্যাপী ঐ বাজারের দেখা মেলে নগরীর সিঅ্যান্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারে।

এ বাজারে এক টাকায় ১ কেজি চাল, এক টাকায় ১ কেজি ডাল, দুই টাকায় ১২টি ডিম, পাঁচ টাকায় আস্ত মুরগি, মাছসহ এমন ২০ ধরনের পণ্য পাওয়া যায়। এমনকি ৭ টাকায় মেলে একটি কম্বল। এছাড়া নানা রকম পণ্য এক থেকে ৭ টাকার মধ্যে বিক্রি হয়।

দুস্থ মানুষের জন্য কল্যাণমুখী ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতীকী মূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।অসহায় ও শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ব্যতিক্রমী এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে বলে জানান ঐকমত্যের বাজারের আয়োজকরা।

ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, বাজারে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত টাকায় পণ্য পাওয়া যায়। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে কিছু নিয়ম করে দিয়েছি।

তিনি আরো বলেন, গত কয়েদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে সার্ভে করার মাধ্যমে ২০০ অসহায় ও শ্রমজীবী দম্পতিকে বিশেষ কার্ড দেয়া হয়েছে। সেই কার্ড দিয়ে আমাদের কাছ থেকে প্রতীকী টাকার টোকেন সংগ্রহ করে এই বাজার করার সুযোগ পেয়েছে তারা।দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।