নিজস্ব সংবাদদাতা:: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের হুমকিতে সংবাদ সম্মেলন করেছেন দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার।
২৪ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাকেরগঞ্জ উপজেলা শাখায় সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান, গত ২১ ডিসেম্বর আমার নির্বাচিত এলাকা দুর্গাপাশা ইউনিয়নের সেনের বাজারে গণসংযোগে যান নৌকার প্রার্থী হাফিজ মল্লিক। এসময় তিনি হ্যান্ড মাইক হাতে নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন যারা নৌকার পক্ষে নির্বাচন করবেন না তারা যেন এলাকা ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান। এ সময় আমাকে ও আমার পরিবারের লোকজন নিয়ে এলাকা ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যেতে বলে হুমকি দেয়। আমি এলাকায় না থাকলে ভোট হাফিজ মল্লিকের বিপক্ষে যাবেনা। আর যদি আমরা এলাকায় থাকি তাহলেই ভোটগুলো হাফিজ মল্লিকের বিপক্ষে যাবে।
বিশেষ করে আমি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমেছি তাই এলাকায় থাকলে ভোট বিপক্ষে যাবে। একারণে আমি যেন দ্রুত এলাকায় ছেড়ে চলে যাই। নৌকার প্রার্থীর এমন উস্কানিমূলক বক্ত্যবে আমার ইউনিয়নের জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমনকি নৌকা প্রার্থীর সমর্থকরা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমাকে জনসম্মুখে হুমকি দেয়ার বিষয়টি জানতে পেরে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) শামসুল আলম চুন্নু নির্বাচন অনুসন্ধানী কমিটির বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌকার প্রার্থীকে কারণ দর্শনের জন্য নোটিশ প্রদান করেছেন।
গত কয়েকদিন আগে আমার পার্শ্ববর্তী ফরিদপুর ইউনিয়নের মামুন নামের একজন ইউপি সদস্য সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। এখন আমার নির্বাচিত এলাকা দুর্গাপাশায় এসে আমিসহ এলাকার সাধারণ মানুষকে এলাকা ছাড়ার হুমকি দেয়ায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার উপর বড় ধরনের হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জেলা, উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের হস্তক্ষেপ কামনা করছি।এছাড়াও নৌকার প্রার্থী আমার দেয়া নির্বাচনী একটি বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে বিভ্রান্তি ছড়ানোসহ মামলা হামলার ভয়ভীতি দেখাচ্ছেন।