আপডেট নিউজ:: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বরিশাল সফরকালে চন্দ্রদ্বীপ উপজেলা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের সভাপতি মো. মুনাওয়ারুল ইসলাম অলি।
তিনি বলেন, বরিশাল পূর্বাঞ্চলের গণমানুষের একমাত্র সংগঠন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ দীর্ঘদিন যাবৎ পূর্বাঞ্চলের জনপদ ও জনগণের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে দাবি উত্থাপন ও সক্রিয় আন্দোলন চালিয়ে আসছে। আমাদের অন্যতম ও প্রধান দাবি বরিশাল পূর্বাঞ্চলের অবহেলিত ইউনিয়ন সমূহ নিয়ে প্রস্তাবিত চন্দ্রদ্বীপ উপজেলা আজও বাস্তবায়িত হয়নি!
মুনাওয়ারুল বলেন, ২০১০ সাল থেকে চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়নের আন্দোলন চালিয়ে আসছি। আমাদের এই দাবির পরে এ পর্যন্ত দেশে রাঙাবালি, লালমাই, ডাসার, মধ্যনগর, ঈদগাঁওসহ বেশ কয়েকটি উপজেলা ঘোষণা ও বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, ২০১২ সালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এ দাবি উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন। এমনকি বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন, সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোকলেছুর রহমানসহ জেলার সব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সমর্থন থাকা এমনকি উপজেলা সদর দপ্তরের স্থান নিধার্রন করা সত্ত্বেও অদ্যাবধি এ উপজেলার ঘোষণা আসে নাই; শুধু মন্ত্রণালয় থেকে জেলা পর্যায় পর্যন্ত ফাইল চালাচালিতেই সীমাবদ্ধ রয়েছে। যা আমাদের দুর্ভাগ্য!সংবাদ সম্মেলনে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের ‘উন্নয়নের দশ দফা’ দাবির কথা তুলে ধরেন মুনাওয়ারুল ইসলাম অলি।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার সংসদীয় আসনের সব প্রার্থীরা আমাদের এই দশ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন ও বাস্তবায়নে অঙ্গীকার করবেন বলে আমরা দাবি জানাচ্ছি।সংবাদ সম্মলেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।