নিজস্ব প্রতিবেদক:: বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে দারুন খুশি বরিশালের প্রাইমারী ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। আর এ বই উৎসবে মেতেছিলেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক আনোয়ার হোসেন ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এরপর তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। বই হাতে নিয়ে উল্লাস করে শিক্ষার্থীরা।একই পরিবেশ ছিল বরিশাল জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।এ বছর বরিশাল জেলার ৬ হাজার ২শ৪১টি প্রাইমারী স্কুলের ১১ লাখ ৬২ হাজার ৫শ৭২জন শিক্ষার্থীর মাঝে ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২পিস বই বিতরণ করা হয়।
এছাড়া ২ হাজার ৩শ৯৩টি মাধ্যমিক ও মাদ্রাসার ১৪ লাখ ৮৭ হাজার ২শ৮৩জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ১০ লাখ ৭০ হাজার ৯৮৫পিস বই বিতরণ করা হয়।