র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত দুই আসামি
মাগুরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১লা জানুয়ারি ২০২৪ খ্রি.) ভোরে জেলার সদর থানাধীন আবালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আবালপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. এলিচ (৪০) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন পীরপুরকুল্লা গ্রামের পীর মোহাম্মদের ছেলে মো. শওকত আলী (৩০)। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাগুরা সদর থানাধীন আবালপুর এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি সোমবার ভোরে আবালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৭৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ এক হাজার ৭০০ টাকা।
জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদ্বয়কে মাগুরা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।