বরগুনা প্রতিনিধি:: উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলা। উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুণা গ্রামের তালবাড়ি খালের ওপর নির্মিত হয়েছে সংযোগ সড়কবিহীন সেতু। সেতুটি নির্মানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের ৮৪ লাখ ৯৫ হাজার ১৪৯ টাকা খালের পানিতেই রয়ে গেল। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণে স্থানীয় জনসাধারণের সেই দুর্ভোগই পোহাতে হচ্ছে।
জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুণা গ্রামের তালবাড়ি খাল পারাপারে সেতুটি নির্মানে ২০২১-২০২২ অর্থবছরের ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে সেতু-কালভার্ট কর্মসূচির আওতায় ১৩ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মান ব্যয় ধরা হয় ৮৪ লাখ ৯৫ হাজার ১৪৯ টাকা।
গত ১৫ মার্চ ২০২২ বরগুনা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহ নেওয়াজ সেলিম কাজটির দায়িত্ব পান। একই সালের সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, তালবাড়ি খালের ওপর নির্মিত সেতুতে ওঠার জন্য দুপাশেই কোনো রাস্তা নেই। নেই বাঁশের সাঁকোর ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৮ মাস ধরেই চলছে এ এলাকার মানুষের দুর্ভোগ। খালের তুলনায় সেতু ছোট হওয়ায় সংযোগ সড়ক নির্মাণ করা হলেও বর্ষায় পানির চাপে তা ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট এলাকার করুনা গ্রামের ষার্টোধ কৃষক মজিবর রহমান বলেন, ‘মোগো আগেও যে দু:খ আছেলে এ্যাডা (সেতু) বানানের পরেও হেই দুখ রইয়া গেছে।’
বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলিউল ইসলাম বলেন, ‘শিকগিরই অগ্রাধিকারভিত্তিতে মাটি ভরাটের কাজ সম্পন্ন হবে।বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ বলেন, ‘মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সেতুটির সঙ্গে রাস্তার সংযোগ স্থাপনে মাটি ভরাটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।