নিজস্ব প্রতিবেদক:: নড়াইলের কালিয়া উপজেলার কলিমন গ্রাম থেকে নিজের জমিতে গাঁজা চাষের অভিযোগে আবুল কালাম আজাদ (৩৭) নামে ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি ঐ গ্রামের লায়েক হোসেনের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পার্শ্ববর্তী গ্রামের ওমর ফারুক বলেন, ‘আবুল কালাম একজন গাঁজা সেবনকারী। গাঁজা সেবন করে বাড়ির পাশের জমিতে বীজ ফেলেছিলেন। সেই বীজ থেকে চারা গজিয়ে গাছ হয়েছে। পুলিশ খবর পেয়ে আবুল কালামকে আটক করে নিয়ে গেছে।’
নড়াইল জেলা ডিবির ওসি মো. ছাব্বিরুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আসামির নিজ মালিকানাধীন জমিতে চাষ করা গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কালিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।