নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন( ভোলা):
ভোলার চরফ্যাসন উপজেলার চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সদ্য প্রয়াত আবদুর রব মিয়া ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান সদ্য প্রয়াত সফিউল্লাহ হাওলাদারের স্মরণে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টায় দক্ষিণ আইচায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা প্রয়াত হওয়ায় আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। এবং জীবদ্দশায় আওয়ামী লীগের জন্য তাদের অবদানের কথা উল্লেখ করে বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন প্রমুখ। স্মরণ সভায় চরফ্যাসন উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।