পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া শহরের যানজট মুক্তকরণ ও পরিবেশ সুরক্ষার লক্ষে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরাস্তার মোড় ফল পট্টি ও ভূমি অফিস সংলগ্ন বালুর মাঠে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।
এর আগে, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেননি। পরে প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালি‌য়ে অর্ধশতা‌ধিক অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল কাইয়ূমের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সৈকত রায়হান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, চৌরাস্তার এ মোড়ে দোকানপাটগুলো অবৈধভাবে জায়গা দখল করায় সড়ক সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হয়। অপরদিকে, গত ১০ বছর আগে শহরের ভূমি অফিস সংলগ্ন শত বছরের পুরনো রিজার্ভ পুকুর বালু ভরাট করে দখল করে পৌরসভা। সেখানে মার্কেট নির্মাণের কথা বলে স্টল বরাদ্দ দেয়। কিন্তু এ নিয়ে আদালতে মামলা হওয়ায় মার্কেট নির্মাণ স্থগিত হয়ে যায়। বর্তমানে এ বালুর মাঠের আশপাশজুড়ে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এছাড়া শহরের সব বর্জ্যে বালুর মাঠে ফেলে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্দুল কাইয়ূম বলেন, শহরের যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুর করা হয়েছে। শহর স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন রাখতে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।