ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পৃথক এই অভিযানে আটক হয়েছে তিন যুবক। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় থানায় রুজু করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলা।

পুলিশ জানায়, জীবননগর থানার এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার নতুনপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নতুনপাড়া জামে মসজিদ সংলগ্ন সাগরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে পুলিশের একই টিম রাত পৌনে ২টার দিকে নতুনপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আকরামুল ইসলামের (২৬) বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকরামুলকে আটক করে তাঁর বাড়ির ছাদের উপরের খড়ের গাদার নিচ হতে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেন্সিডিল। আটককৃত আকরামুলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায় উপজেলার গোয়ালপাড়া গ্রামে। সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই অভিযানও পরিচালনা করেন এসআই এসএম রায়হান। অভিযানে গোয়ালপাড়া গ্রামের বন্দর মাঠের সামনে পাকা রাস্তার উপর হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর থানাধীন নতুনপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে শিমুল মিয়া (২৮) এবং কাতব আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান উপরিউক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।