বরিশাল প্রতিনিধি:: বরিশালে ফাতেমা সেন্টার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মার্কেটের আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং স্থানে থাকা একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটে। তবে, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রাত সোয়া ৮টার দিকে মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে হঠাৎ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গাড়ি পার্কিংয়ের স্থানে থাকায় একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।