নিজস্ব প্রতিবেদক:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে একটি মিছিল বের করে। ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

বক্তারা বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি ও স্বৈরাচারী রাজনীতির পৃষ্ঠপোষকতার ফলে ছাত্রলীগ আজ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ক্যাম্পাসগুলোতে শুধু সন্ত্রাস-দখলদারিত্বের রাজত্ব কায়েম করেই ক্ষান্ত হয়নি। উল্টো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দেশের আপামর ছাত্রী-নারীর কাছে বিভীষিকাময় মূর্তি নিয়ে হাজির হয়েছে।

আর এসবের সঙ্গে যুক্ত হয়ে আছে ক্যাম্পাসের তাবেদার। যারা এই ঘটনায় সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না করে উল্টো ‘বহিরাগত’ তকমা দিয়ে বিশ্ববিদ্যালয়ে জনমানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা স্বৈরাচারী সিদ্ধান্ত। এসময় বক্তারা গণধর্ষণে জড়িত ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনমানুষের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।