ছবিতে পাখিলা খাতুন
অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর পাংশায় বাবার লাঠির আঘাতে মেয়ে পাখিলা খাতুন পাখির (১৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত পাখি ওই গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা কালামকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ে পাখিলাকে একটি লাঠি দিয়ে আঘাত করেন বাবা কালাম। এ সময় মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের অন্য সদস্যরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা পাখিলাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মেয়েকে শাসন করতে গিয়ে একটু বেশিই আঘাত করে ফেলেন কালাম মিয়া। নিহত পাখিলার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের অন্য কোনো সদস্য মামলা দায়ের করলে কালামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।