নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): অমর একুশে ফেব্রুয়ারি,মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন, চরফ্যাসন, ভোলা এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে
বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি’র বক্তব্যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ, পৌর আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আমিন বলেন, রফিক, শফিক, জব্বার সহ যারা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে সাধারণ মুসলমানদের সচেতন করতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সারাদেশে প্রায় ৬ শত আধুনিক মডেল মসজিদ নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভূয়সী প্রশংসা করেন।
ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার সুপারভাইজার মোঃ জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা মডেল মসজিদের কর্তব্যরত ইমাম ও খতিব মাওলানা ছালাউদ্দিন,
চরফ্যাসন উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার মডেল কেয়ার টেকার মোঃ ইসমাঈল হোসেন। অনুষ্ঠানে আলেম ওলামা ও ইসলামী ফাউন্ডেশনে কর্মরত কয়েক শত শিক্ষক উপস্থিত ছিলেন।
পরে সকলের অংশ গ্রহণে ভাষা শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।