চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ২০ জেলের একমাস করে কারাদণ্ড, তিনজনকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছয়জনকে মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার কারেন্টজাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়।
বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় সদর উপজেলার লালপুর, কাচিকাটা ও মতলবের আমিরাবাদ এলাকা থেকে ২৯ জন জেলেকে আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, জাটকা গরিবদের মাঝে বিতরণ এবং মাছ ধরার ছয়টি নৌকা কোস্টগার্ড হেফাজতে নেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হবে।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জাসিম উদ্দিন, নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির আহমেদ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।