পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালী বাউফলের উপজেলার সূর্যমনি গ্রামে বড় ভাইয়ের অবৈধ পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন নিহত হয়েছেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই সজিব হোসেনকে সোমবার দুপুরে আটক করেছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী রান্না ঘরে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি পিস্তল উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, সূর্যমনি গ্রামের বাবুল সরদারের বড় ছেলে বাউফল নবারুন সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র সজিব। রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি একটি পুরানো জংয়ে ধরা পিস্তল নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ ট্রিগারে চাপ পড়ে একটি গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের ওপরে গিয়ে বিদ্ধ হয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরজাহান বলেন, সাব্বিরকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার কপালে বাম চোখের ওপরে একটি ছিদ্র দিয়ে রক্ত বেড় হতে দেখি। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। ঐ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাত ১ টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়র হোসেন বাচ্চু বলেন, ঘটনাটি আমি জেনেছি। খুবই বেদনাদায়ক।এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।