অনলাইন ডেস্ক:: গার্মেন্ট কোম্পানির অবসরপ্রাপ্ত চাকরিজীবী দেলোয়ার হোসেন জলদস্যুদের হাতে ছেলে তারেকুল ইসলাম তারেকের জিম্মি হওয়ার খবরটি প্রথম পেয়েছিলেন মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে গতকাল মঙ্গলবার দুপুর ৩টায়।

‘আব্বু আমাকে মাফ করে দিও’ ছেলের ম্যাসেজ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ঠিক সেসময়ে তার বড় ছেলে হাসান তাকে ফোন করে জানতে চান তিনি কোনো ম্যাসেজ পেয়েছেন কি না। তখন তিনি তারেকের এই ম্যাসেজের কথা জানিয়ে জানতে চান ওদের কোন সমস্যা কি না।তখন বড় ছেলে হাসানই তাকে বলেন, ‘তারেকদের জাহাজ হাইজ্যাক হয়ে গেছে। সোমালিয়ান জলদস্যুরা ওদের শিপে অ্যাটাক করছে। ওদেরকে একটা রুমে আটকায় দিয়ে ওদের ক্যাপ্টেনকে খুঁজতেছে।’

এরপর তিনি তার এক ভাগ্নে জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তখনো জাহাজ কোম্পানি এ বিষয়ে কিছু জানে না। জাহাজ কোম্পানিকে কেউ কোনো ম্যাসেজ দেয়নি বলে তাদের জানানো হয়। তখন তিনি নিজে জাহাজ কোম্পানির এসআরের সঙ্গে যোগাযোগ করার জন্য বারবার ফোন করলেও কেউ রিসিভ করেনি বলে জানান তিনি।

এরপর সকাল ৭টা ৮ মিনিটে আরেকটি ম্যাসেজ দেন তারেক তার বাবার হোয়াটসঅ্যাপে। সেখানে তিনি লিখেন, ‘সারি করলাম। ফোন একটা লুকায় রাখছি। কতক্ষণ পারবো জানি না। দোয়া কইরেন। ভালো থাইকেন। আম্মুকে বইলেন টেনশন না করতে।’

দেলোয়ার হোসেন বলেন, সারি করলাম মানে জাহাজটি সোমালিয়ার কোনো ক্যানেলে নিয়ে গিয়েছে। ওদের শিপে ২০ জনের মতো জলদস্যু উঠে গেছে। আরো শতাধিক জলদস্যু রয়েছে আশেপাশে। ওদের নামিয়ে কোথায় বন্দি করা হবে। এখন যদি শিপ কোম্পানি কিংবা সরকার কিছু করে তাহলে হয়তো কোনো ফায়সালা হবে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার কিংবা জাহাজ কোম্পানির কেউ তাদের সঙ্গে কোনপ্রকার যোগাযোগ করেনি বলেও তিনি জানান।

ছেলের কথা বলতে বলতে আবেগে কণ্ঠ ধরে আসে দেলোয়ার হোসেনের। বললেন, তারেকের মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারেকের মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অনেকদিন বাড়িতে অবস্থান করে বাড়ির কাজকর্ম করেছে আমার ছেলে। সাত বছর থেকে সে রোজা ছাড়ে না। এক ওয়াক্ত নামাজ কামাই দেয় না। গত বছরের ২৫ ডিসেম্বর আবার জাহাজে যায়। এবার নাকি ওদের ১০ মাস থাকতে হবে বলেছিলো।’

তার এখন একটাই চাওয়া- কীভাবে তাদের বাচ্চাদের ছাড়ানো যায়। হাসিনা বেগম বলেন, আমরা সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, আপনারা দেখেন, কীভাবে আমাদের বাচ্চাদের জীবিত ফিরিয়ে আনা যায়। বাংলাদেশের ২৩টি বাচ্চার মায়ের কোল খা-খা করতেছে।ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, আমরা খবরটি জানতে পেরে মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি অপহৃত ঐ জাহাজ কর্মকর্তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। তবে ফরিদপুরের একজনের বিষয় নয় এটি। সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ২৩ জনকে উদ্ধারেই পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করতে পারবো।