গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে দেড় কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম (তেকোনা) এলাকার আল-আমিনের ছেলে ফাহাদ হোসেন এবং একই উপজেলার বালুগ্রাম (মানপুর) এলাকার সেমাজুল ইসলামের ছেলে সাফাত হোসেন।

জিএমপির সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম ও এসআই উৎপল কুমার জানান, শনিবার দুপুরে হেরোইনের একটি বড় চালান নিয়ে ট্রাকযোগে এক মাদক ব্যাবসায়ী গাজীপুর মহানগরীর শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই সড়কে নজরদারী বৃদ্ধি করাসহ টহল জোরদার করে। বিকেলে ওই সড়ক দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় পুলিশের উপস্থিতি দেখে অন্য সড়ক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে পুলিশ ওই ট্রাকটিকে সিগনাল দিয়ে থামিয়ে ট্রাকটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে চালকের সিটের পেছনের সিটের নিচে কাপড়ের ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। হেরোইনগুলো ১৪টি পলিথিন প্যাকেটে ভর্তি করে ওই ব্যাগে রাখা ছিল। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় ট্রাকসহ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

উপ-কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, গ্রেফতাকৃতরা মাদক ব্যবসায়ী। তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে। পরে ওই হেরোইন গাজীপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে নেয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-উত্তর) খাইরুল আলম, মেট্রো সদর জোনের সহকারী কমিশনার (এসি) ফাহিম আসজাদ এবং মেট্রো সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম উপস্থিত ছিলেন।