নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকে:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন, চরফ্যাসন, ভোলা এর আয়োজনে পবিত্র কুরআন খতম,র‍্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ ) সকাল সাড়ে ৯ টায় ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি’র বক্তব্যে
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ, পৌর আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আমিন বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের খেদমতে নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন,এদেশের আলেম সমাজ জাতির পিতার এই অবদানকে স্মরণ করে।
এ সময় তিনি সারাদেশে প্রায় ৬ শত আধুনিক মডেল মসজিদ নির্মাণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভূয়সী প্রশংসা করেন।
ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার সুপারভাইজার মোঃ জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা মডেল মসজিদের কর্তব্যরত ইমাম ও খতিব মাওলানা ছালাউদ্দিন,
চরফ্যাসন উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার মডেল কেয়ার টেকার মোঃ ইসমাঈল। অনুষ্ঠানে আলেম ওলামা ও ইসলামী ফাউন্ডেশনে কর্মরত কয়েক শত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে কুরআন তেলোয়াত, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে জোহর নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।