চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনটি ঘরসহ পাঁচটি গরু ও দুইটি ছাগল পুড়ে গেছে। তবে, এ অগ্নিকাণ্ডে গিয়ে কেউ হতাহত হয়নি।
সোমবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের পূর্বপাড়া চান্দের বাড়িতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী পাটোয়ারী জানান, ঘরে থাকা সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। গরু, ছাগল ও ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূর-ই-আলম রিহাত ও ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহতাব মন্ডল বিকেলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। কিন্তু এর আগেই পরিবারটির সব পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।