বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল অরোহী এক যুবক ও এক কিশোরের প্রাণ গেছে।উপজেলার ইল্লা বটতলা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান।
নিহতরা হলেন-উজিরপুর উপজেলার নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জ্বল সরদার (২৭) ও তার শ্যালক বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (১৮)।বিপুল হোসেন বলেন, “উজ্জ্বল ও দ্বীন ঢাকা থেকে মোটরসাইকেলে করে বরিশালের উজিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যালক ও ভগ্নিপতি ঘটনাস্থলেই নিহত হন।”
পরে তাদের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, “ঈদুল ফিতরের ছুটি কাটাতে শ্যালক দ্বীনকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন উজ্জ্বল। তাদের চাপা দেওয়ার পর চেয়ারম্যান পরিবহনের বাসটি পালিয়ে যায়। পরে ভুরঘাটা এলাকা থেকে আটক করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।