নঈম হাসান জোয়ার্দ্দার | ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ১৭২ ভোট। এছাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪১৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাসুদুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। টিউবওয়েল প্রতীকে তিনি পেয়েছেন ৫১ হাজার ৭৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫৪৯ ভোট। এছাড়া শামীম হোসেন মাইক প্রতীকে ৮ হাজার ৬৯৫ ভোট, মিরাজুল ইসলাম (কাবা) উড়োজাহাজ প্রতীকে ৬ হাজার ২৮৫ ভোট এবং মামুন-অর-রশীদ তালা প্রতীকে ২ হাজার ৭১৩ ভোট পেয়েছেন।

ফুটবল প্রতীকে ৫৩ হাজার ৪৪ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাসুমা খাতুন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাজাদী কলস প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮৭ ভোট। এছাড়া নুরুন্নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৩৮ ভোট।

মঙ্গলবার (২১শে মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল দুই লক্ষ ৬৩ হাজার ৮৪৯ জন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।