উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান | ফাইল ছবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের উপর আবারও হামলা হয়েছে। মঙ্গলবার (২৮শে মে ২০২৪) সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন পার হওয়ার পর মোটরসাইকেলে চলন্ত অবস্থায় তাঁর উপর এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আব্দুল হান্নান (৬৩) সন্তোষপুর গ্রামের মৃত হারেজ মণ্ডলের ছেলে।
উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি আব্দুল হান্নান চাচা ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে উথলী ইউনিয়ন পরিষদে আসছিলেন। পথিমধ্যে আকন্দবাড়ীয়া আবাসন পার হলে মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি পিছন দিক থেকে এসে তাঁর পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। এতে তিনি রক্তাক্ত জখম হন এবং কোপ লাগা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে উথলী ইউনিয়ন পরিষদে চলে আসেন। ইউনিয়ন পরিষদের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।’
ছাত্রলীগের কর্মী কৌশিক রহমান বলেন, ‘আমি চেয়ারম্যান সাহেবের সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছি। প্রাথমিক চিকিৎসা চলছে। অবস্থা খুব একটা ভালো না। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুর ২টার পর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হবে।’
এদিকে ঘটনার কারণ সম্পর্কে জানতে এবং হামলাকারীদের চিহ্নিত ও আটক করার জন্য কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ অন্যরা।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার সময় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন আব্দুল হান্নান। দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তাঁর ডান হাতে লাঠি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেন। তবে পূর্বের এবং আজকের হামলার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।