বিজিবির অভিযানে আটক আসামি শফিকুল ইসলাম

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পলাতক আসামি অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২০শে আগস্ট ২০২৪) বেলা ১২টার দিকে মহেশপুর সীমান্তের মাটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম (৩৪) ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈষম্য বিরোধী” আন্দোলনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে গত ৫ই আগস্ট সাতক্ষীরা জেলা কারাগারের অভ্যন্তরে কয়েদিদের মাঝে দাঙ্গা সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদি জেল ভেঙে পলায়ন করতে সক্ষম হয়। জেল পলাতক একজন আসামি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্যে মাটিলা সীমান্তে অপেক্ষমান রয়েছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার (২০শে আগস্ট ২০২৪) ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ৫২/১২-আর এর বিপরীতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোর আনুমান সাড়ে ৪টার সময় মাটিলা গ্রামের বাবলুর মেহগনি বাগানের মধ্যে ওত পেতে অপেক্ষমান থাকে।

গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মেহগনি বাগানের মধ্যে দিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তি ভারত সীমান্তের দিকে পালিয়ে যাবার কথা থাকলেও সকাল ৭টা পর্যন্ত উক্ত সন্দেহভাজনের কোনো কিছু দৃশ্যমান হয়নি। এই অবস্থার প্রেক্ষিতে মাটিলা বিওপির উক্ত টহল দল ছাড়াও আরও দুইটি বিশেষ টহল দল নিযুক্ত করা হয় এবং আশেপাশের বিওপিতেও সতর্কতা বৃদ্ধি করা হয়। এদিকে অপর একটি সূত্র হতে উক্ত আসামি স্থানীয় মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জঙ্গলে লুকিয়ে থাকতে পারে বলে সংবাদ পাওয়া গেলে আসামিকে ধরার জন্য মহেশপুর ব্যাটালিয়ন কর্তৃক পুরো মাটিলা গ্রাম এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করা হয়।

সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৫৩ এর নিকটবর্তী মাটিলা ঈদগাহের পাশের জঙ্গলে তাকে দেখতে পাওয়া গেছে বলে খবর পাওয়া গেলে বিজিবির টহল দল উক্ত এলাকা ঘিরে অবস্থান নেয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত পলাতক আসামি পুনারায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে। বিজিবির টহল দল তার পিছু নিলে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে সীমান্ত সংলগ্ন কোদালিয়া নদীতে ঝাঁপিয়ে পড়েন। এতে বিজিবি টহলদলের দুই সদস্য নদীতে লাফিয়ে তাকে আনুমানিক দুপুর ১২টার দিকে আয়ত্তে নিতে সক্ষম হয়। মাটিলা বিওপিতে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতার আসামি গত ৫ই আগস্ট সাতক্ষীরা জেল হতে পলায়নের ঘটনার সত্যতা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার না করলেও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিজ স্ত্রীকে হত্যার অপরাধে ২০২২ সালের ১লা জুন হতে তিনি সাতক্ষীরা জেলা কারাগারে হাজতবাস ছিলেন। উক্ত মামলার কেইস নং-১৩৮/২২ এবং তার হাজতি নং- ২৬৩২২২। গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।