বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় ১ কাজি ৩০০ গ্রাম গাঁজা, ৭৬ হাজার ৮০০ টাকা এবং গাঁজা মাপার যন্ত্রসহ মোসলেম আলী গাজী (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে, দুপুরে উপজেলার কালমেঘা ইউপির ছোট পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মোসলেম আলী গাজী (৪৩) বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এলাকার নীল গাজীর ছেলে। পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. সাকিব মেহেবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোসলেম আলী গাজীকে সন্দেহ হয়। পরে পাথরঘাটা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেনের উপস্থিতিতে তার ঘরের মধ্যে এবং অটোরিকশায় তল্লাশি করে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৭৬ হাজার ৮০০ টাকা এবং গাঁজা পরিমাপের যন্ত্রসহ তাকে আটক করা হয়।তিনি আরো বলেন, মোসলেম পাথরঘাটায় রিকশা চালানোর পাশাপাশি মাদক ব্যবসা করতেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।