ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ মোট ৩৫ জন বাংলাদেশী নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু এবং ১৫ জন পুরুষ রয়েছেন। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছেন একজন ভারতীয় নাগরিক।
গত সোমবার থেকে শুরু করে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১২ই নভেম্বর ২০২৪) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল জোরদার করে মহেশপুর উপজেলার মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোশালপুর, পলিয়ানপুর এবং শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাঁরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা হতে এ পর্যন্ত সর্বমোট ১১৪ জনকে আটকের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।