ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ই নভেম্বর ২০২৪) বিকালে মহেশপুর সীমান্তের রায়পুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলো- মহেশপুর থানার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে আব্দুল কাদের মণ্ডল (৬০) এবং রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে দুলাল (৪৮)। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদর দপ্তর থেকে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুজন চোরাকারবারি বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সামন্তা এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়কের দিক-নির্দেশনায় সামন্তা বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে।

গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক সোমবার বিকাল আনুমানিক ৫টার সময় দুজন চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বিজিবির টহলদল দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটক দুজনের মধ্যে আব্দুল কাদের মণ্ডলের শরীর তল্লাশি করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি দেশীয় গলানো স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। যার ওজন- ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম এবং মূল্য- ৫ কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার ২১০ টাকা।

স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটক দুজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।