যশোর প্রতিনিধি:: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি কিরণ। তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত পথে ভারতে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর সীমান্ত এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করে বিজিবি। এসময় তাকে পালাতে সহায়তাকারী পালিয়ে যান।এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসাদুর রহমান কিরণ জানান, তিনি শার্শার রামচন্দ্রপুর গ্রামের পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

প্রসঙ্গত, আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।